বিকৃত করে ভুয়া ছবি-ভিডিও পোস্ট, ম্রুণালের আইনি হুঁশিয়ারি

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া ও বিকৃত ছবি-ভিডিও তৈরি করা হয়। সেসব ‘ডিপফেক’ ছবি-ভিডিও নিয়ে ভারতের অনেক তারকাদের এর আগে কথা বলতে দেখা গেছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কথা বলেছেন।

এবার ডিপফেক নিয়ে কথা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় সরব থাকা এ অভিনেত্রী নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না করলেও বিকৃত ছবি-ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এ অভিনেত্রী লিখেছেন, বিষয়টিকে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে দেখুন। অনুগ্রহ করে এ ধরনের কুরুচিকর কাজ করা বন্ধ করুন। এরপরও যদি কেউ বিষয়টিকে আমার পরিচয়ে অপব্যবহার করে এমন কোনো কাজ করেন, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ ধরনের ছবি-ভিডিও তৈরি করা বেআইনি কাজ।

সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের নিয়ে ডিপফেক ছবি-ভিডিও ছড়ানোর প্রবণতা বাড়ছে। ইতোপূর্বে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর সিংসহ অনেকেই এ প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন। ছবি ও কণ্ঠস্বর অনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, কার্তিক আরিয়ান, সুনীল শেঠিসহ আরও অনেক তারকা।