বর্ষায় অফিসেও ছড়াতে পারে অসুখ, সুস্থ থাকতে মানুন এই নিয়মগুলো

বর্ষার সময়ে অফিসে একসঙ্গে অনেক মানুষের কাজ করার কারণে বিভিন্ন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সামান্য অসতর্কতাতেই সর্দি-কাশি থেকে শুরু করে চোখ ও পেটের নানা সমস্যা দেখা দিতে পারে।

অফিসে যেসব অসুখের ঝুঁকি বেশি—

ইনফ্লুয়েঞ্জা:

বন্ধ ঘর, এসি, পাশাপাশি বসা এবং হাঁচি-কাশির মাধ্যমে ফ্লু ছড়াতে পারে। জ্বর, সর্দি ও কাশি হলে সতর্ক থাকা জরুরি।

ভাইরাল কনজাঙ্কটিভাইটিস:

চোখ লাল হওয়া, চুলকানি ও পানি পড়ার মতো সমস্যা হতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং বারবার হাত পরিষ্কার রাখা প্রয়োজন।

ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস:

অপরিষ্কার খাবার, একই টিফিন ভাগ করে খাওয়া বা অপরিচ্ছন্ন হাতে খাবার খেলে পেটের সংক্রমণ হতে পারে। এতে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে।

ছত্রাকজনিত ত্বকের সমস্যা:

বর্ষার ভেজা ও আর্দ্র পরিবেশে ত্বকে ছত্রাকের সংক্রমণ বাড়ে। ভেজা মোজা বা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে সমস্যা হতে পারে।

সুস্থ থাকতে যা করবেন—

খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিন।
হাঁচি-কাশি হলে মাস্ক ব্যবহার করুন।
অসুস্থ অবস্থায় অফিসে না গিয়ে বিশ্রাম নিন।
একই চামচ বা খাবার ভাগ করে খাওয়া এড়িয়ে চলুন।
ডেস্ক, মোবাইল ও ব্যক্তিগত জিনিস পরিষ্কার রাখুন।
বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শুকনো কাপড় ব্যবহার করুন।
চোখ, মুখ ও নাকে অপরিষ্কার হাত দেওয়া থেকে বিরত থাকুন।
বর্ষায় সামান্য সচেতনতাই পারে অফিসে ছড়িয়ে পড়া নানা সংক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখতে।