তীব্র সমালোচনার মুখে জেন-জিকে ‘জাতির শক্তি’ বললেন কঙ্গনা

তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে অবশেষে পিছু হটলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। নতুন প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করার পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হলে নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান তিনি।

বদলে এবার তরুণদের ‘দেশের সবচেয়ে বড় শক্তি ও চালিকা শক্তি’ বলে আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ। ভারতে নিট আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তরুণদের একাংশের কিছু মন্তব্যকে ‘কুরুচিকর’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনি সেই সব বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে তীব্র আক্রমণ করেন। এমনকি তাদের আন্দোলনের ভিডিওগুলোকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

মান্ডির বিজেপি সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে দেশজুড়ে বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জেন-জি আমাদের দেশের আসল শক্তি এবং এক অর্থে জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তা সত্যিই আনন্দের।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কঙ্গনার এই ইউ-টার্নের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের একটি সাম্প্রতিক বার্তার বিশেষ প্রভাব রয়েছে।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান জেন-জি প্রজন্মের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, বর্তমান তরুণ প্রজন্ম অত্যন্ত সৎ, যুক্তিগ্রাহ্য উত্তর পছন্দ করে এবং তাদের মতামত গুরুত্ব দিয়ে শোনা উচিত। আরএসএস প্রধানের এই ইতিবাচক মন্তব্যের পর বিজেপি দলে অস্বস্তি তৈরি হয়, যার ফলে বাধ্য হয়েই নিজের সুর বদলাতে হলো কঙ্গনাকে।