ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ২ দিন তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টানা দুই দিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবারের পর শনিবারও মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যান চলাচল করায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শনিবার (৮ আগস্ট) মহাসড়কের আমতলী এলাকায় দীর্ঘ যানজটে আটকে পড়েন হাজারো যাত্রী। স্বাভাবিক সময়ে কুমিল্লার পদুয়ার বাজার থেকে ক্যান্টনমেন্ট এলাকায় যেতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগলেও বর্তমানে সেখানে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে।

যানজটের কারণে ঢাকামুখী লেনে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। দীর্ঘ সময় আটকে থাকার পর কিছু যানবাহন উল্টো পথে চট্টগ্রামমুখী লেনে ঢুকে পড়ছে। এতে ওই লেনেও যানজট তৈরি হচ্ছে। ফলে মহাসড়কের উভয় পাশে ধীরগতিতে চলছে যানবাহন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আমতলী এলাকায় ধীরগতিতে চলা সংস্কারকাজ এবং টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এসব কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।