জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শীতকালীন ছুটির কারণে এ সূচি এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হবে। এর আগে, আমরা জুনিয়র বৃত্তি শেষ করতে চাচ্ছি।

তবে এ পরীক্ষার ফল প্রকাশ কবে,তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়। এতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।