আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) ‘এক্সপিডিশন ৭৫’ ক্রু দলের নতুন সদস্য হিসেবে এবার যুক্ত হয়েছে লাল রাশিয়ান পাতাকপি (কেল) এবং ওয়াসাবি সরিষা গাছ! নাসার নভোচারী জেসিকা মেয়ার আনন্দের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেয়ার জানান, মহাকাশ স্টেশনের ক্রু সদস্যরা এখন তাদের অবসর সময়ে এই গাছগুলোর যত্ন নিচ্ছেন। তিনি বলেন, মহাকাশযানের বিশেষায়িত প্ল্যান্ট হ্যাবিটেট বা নির্দিষ্ট বাসস্থানের পরিবর্তে স্টেশনের খোলা কেবিন পরিবেশে গাছগুলো কীভাবে বেড়ে ওঠে, তা বোঝাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া মহাকাশের কক্ষপথে সংরক্ষণের ফলে বীজের কার্যক্ষমতার ওপর কী প্রভাব পড়ে, সেটি জানাও এই গবেষণার অন্যতম উদ্দেশ্য।
মেয়ার জানান, আইএসএস-এর একেবারে জীবাণুমুক্ত ও নিষ্প্রাণ পরিবেশে এমন সবুজ আর জীবন্ত কিছুর বেড়ে ওঠা দেখতে তার দারুণ লাগে। তিনি আরও বলেন, মহাকাশযানে গাছপালার উপস্থিতি অনেকটা ‘ন্যাচার থেরাপি’ বা প্রাকৃতিক চিকিৎসার মতো অনুভূতি দেয়, যা সব সময়ই কাঙ্ক্ষিত।
এদিকে, মহাকাশ স্টেশনে নতুন এই অতিথিদের দেখে মুগ্ধ নেটিজেনরা। এক্সে একজন মন্তব্য করেছেন, এই গাছগুলো আমার স্বপ্ন পূরণ করছে: তারা মহাকাশে ভ্রমণ করছে। আরেকজন লিখেছেন, বিষয়টি সত্যিই দারুণ। অন্য একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত আকর্ষণীয় দৃশ্য।





