কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকেও অংশ নেন। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।





