বাবার শেষকৃত্যে রোজারিওতে মেসি, বন্ধুর গোলে আবেগঘন শ্রদ্ধা

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

স্থানীয় সময় শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে প্রায় ২টার দিকে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোজারিওতে পৌঁছান মেসি। পরে কঠোর নিরাপত্তার মধ্যে একটি ভ্যানে করে বিমানবন্দর ছাড়েন তিনি। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্যের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই এতে উপস্থিত থাকবেন। তবে মেসির বাবাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কবরস্থানের বাইরে ইতোমধ্যে ভিড় করেছেন অসংখ্য ভক্ত।

মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে ছেলের উত্থানের পুরো পথজুড়ে তিনি ছিলেন পাশে। একসময় মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাবাকে হারানোর এই কঠিন সময়ে মেসি পরিবারের পাশে থাকার পাশাপাশি বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকতে চান।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়। তাকে দ্রুত মায়ামিতে ফেরানোরও কোনো তাড়া নেই ক্লাবটির।

এদিকে হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্ব ফুটবলের বিভিন্ন ক্লাব ও সংগঠন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব শোক প্রকাশ করেছে।

মেসিকে ছাড়া মন্টেরির বিপক্ষে মাঠে নামার আগে ইন্টার মায়ামির খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। গ্যালারিতেও মেসির প্রতি সমর্থন জানিয়ে দেখা যায় ‘ফোর্সা, লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড।

ম্যাচে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করার পর জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন তিনি। আবেগঘন ওই মুহূর্তে ডি পল গোলটি উৎসর্গ করেন মেসিকে—বিশেষ করে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে।

তবে মেসিকে ছাড়া শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। মন্টেরির কাছে ২-১ গোলে হেরে যায় তারা।