সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি রিজভীর বক্তব্যকে ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’ বলে দাবি করেছেন।
শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রিজভী একসময় সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি ভিন্ন বক্তব্য দিয়ে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারেও রিজভী একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন শাবনূর।
অভিনেত্রীর দাবি, রিজভী সালমান শাহর মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শাবনূর। তিনি বলেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না। এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা।
শাবনূর বলেন, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভীকে তিনি চেনেনও না। তার সঙ্গে বিয়ের দাবি প্রসঙ্গে কটাক্ষ করে অভিনেত্রী বলেন, বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।
এ ছাড়া সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তিনি দাবি করেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রিজভীর বক্তব্য ভিত্তিহীন ও মানহানিকর।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর। তিনি বলেন, সালমান শাহ শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, তার কাছে তিনি ছিলেন প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তিনি।





