পটুয়াখালীর কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ধান ব্যবসায়ী আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সাত সদস্যকে চেতনা নাশক স্প্রে করার পর তাঁদের অচেতন করে চোরেরা ঘরে ঢুকে মালামাল নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
ব্যবসায়ী আলম খান বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। কোনো একসময় চোরেরা ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে। পরে ঘর থেকে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন নিয়ে যায়।
তিনি বলেন, স্প্রের প্রভাবে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। এমনকি বেলা বাড়লেও তাঁর বৃদ্ধ মায়ের চেতনা ফেরেনি।
প্রতিবেশী জসিম আকন বলেন, এলাকায় চুরির ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কয়েক দিন আগেও পাশের এক মহিলা ওয়ার্ড সদস্যের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এরপর আলম খানের বাড়িতে চুরির ঘটনা ঘটল। চুরি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





