১০০ কোটি ডলারের ক্লাবে ‘দ্য ওডিসি’

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি প্রবেশ করেছে বহুল কাঙ্ক্ষিত ‘বিলিয়ন ডলার ক্লাবে’।

গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

বক্স অফিসের হিসাবে, উত্তর আমেরিকার বাজারে এখন পর্যন্ত সিনেমাটির আয় ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘দ্য ওডিসি’র আয় ছাড়িয়েছে ১০০ কোটি ডলারের মাইলফলক।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের প্রথম সিনেমা, যা এক বিলিয়ন ডলারের বেশি আয় করল। একই সঙ্গে দ্রুতগতিতে এগিয়ে সিনেমাটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার দৌড়েও রয়েছে। এরই মধ্যে এটি ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর বক্স অফিস আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ‘দ্য ওডিসি’র বক্স অফিস যাত্রা এখনো শেষ হয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার চীনে এখনো মুক্তি পায়নি সিনেমাটি। আগামী ১৪ আগস্ট চীনের হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা রয়েছে। ফলে চীনের বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র গল্পের কেন্দ্রে রয়েছেন গ্রিক রাজা ওডিসিয়াস। ট্রয় যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপদসংকুল সমুদ্রযাত্রায় বের হন তিনি। পথে নানা প্রতিকূলতা, ভয়ংকর বিপদ ও অজানা শক্তির মুখোমুখি হতে হয় তাঁকে। দীর্ঘ সময় সাগরে টিকে থেকে পরিবারের কাছে ফিরে আসার সংগ্রামই সিনেমাটির মূল কাহিনি।

সিনেমায় ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর সঙ্গে পর্দায় দেখা গেছে অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, মহামারির পর এক বছরে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার সংখ্যার দিক থেকে ২০২৬ সাল ইতোমধ্যে উল্লেখযোগ্য একটি বছর হয়ে উঠেছে। চলতি বছরে এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করা সিনেমার তালিকায় পঞ্চম নাম হিসেবে যুক্ত হলো ‘দ্য ওডিসি’।

এর আগে ২০২৬ সালে এই মাইলফলক স্পর্শ করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।