ময়মনসিংহের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধের দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল ৭টা ২০ মিনিটের দিকে মশাখালী স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনের কারণে ট্রেনকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে রেললাইন থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মশাখালী স্টেশনে আটকে থাকা যমুনা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।





