হরিপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন গোবিন্দপুর বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বুটডাঙ্গী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর একই রাতে রাত ১১টা ১০ মিনিটে কারিগাঁও বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যাওয়া সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।