সাভার থেকে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোন বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ সাদাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ প্রেসার কুকারটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মধ্য রাতে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি মসজিদের মাঠে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম রেখে চলে যায়। পরে স্থানীয়রা ড্রাম খুলে কাপড়চোপড়, কোরআন শরিফ ও বোমা সদৃশ প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা সদৃশ প্রেসার কুকারটি নিরাপদস্থানে রেখে দিয়ে পরীক্ষার জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে বোমা সদৃশ প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোন বোমা রয়েছে কিনা।





