গণভোটের দোহাই দিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে জামায়াত: এমপি খোকন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে।

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে জনগণের দেওয়া রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তা বাস্তবায়ন কেবল সময়ের ব্যাপার।

তিনি আরও বলেন, গণভোটের বিষয়টি পুঁজি করে জামায়াত যে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে, তা ব্যর্থ হবে। এ বিষয়ে জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে সংসদ সদস্য খোকন তালুকদার এসব মন্তব্য করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী প্রমুখ।