১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এমন কীর্তি মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। দলগত পারফরম্যান্সে প্রথমবারের মতো সেখানে টেস্ট জিততে আর কিছু সময়ের অপেক্ষা। নাজমুল হোসেন শান্ত’র দল স্বাগতিকদের দেওয়া ৫৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে আটকে রাখার পথে দারুণ ঘূর্ণিতে ফাইফার তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

১৪ বছর পর প্রথম কোনো স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করলেন। এর আগে ২০১২ সালে সর্বশেষ সফরকারী স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন সাবেক শ্রীলঙ্কান তারকা রঙ্গনা হেরাথ (৯৫/৫)। এ ছাড়া অস্ট্রেলিয়ায় সর্বশেষ ২০১৯ সালে ৫ উইকেট নেওয়া স্পিনার ভারতের কুলদীপ যাদব (দ্বিতীয় ইনিংস)।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাদের মাটিতে ফাইফার নিলেন মিরাজ। তিনি সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ বাংলাদেশি বোলার। হাসান-মিরাজ ছাড়া ওই কীর্তি আছে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের (দু’বার)।

টেস্টে সবমিলিয়ে নিজের ১৫তম ফাইফার পেয়েছেন মিরাজ। যা এশিয়ান দেশের বাইরে তার তৃতীয় ৫ উইকেট। এ ছাড়া ডারউইন টেস্টের দুই ইনিংস মিলিয়ে হাসান মাহমুদের বোলিং ফিগার ১১০/৯। অল্পের জন্য তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট শিকারের রেকর্ড হাতছাড়া করলেন। টেস্টে টািইগার পেসারদের মধ্যে তার বোলিং ফিগার অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ। সবার শীর্ষে শাহাদাত হোসেন রাজিব (৯৭/৯), প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।