বিদ্যুৎ সংকট সমাধানে ১০ বছরের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বহু মানুষ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য তিনি ‘অপরিকল্পিত’ বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপকে দায়ী করেন। একই সঙ্গে বিএনপি জনগণের স্বার্থে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে—কীভাবে আমরা ইনশাআল্লাহ্ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব।

চলমান সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকট মোকাবিলায় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে এগোতে হবে।

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে, বিশৃঙ্খলাকারীরাই এর সুযোগ নেয়।

বক্তব্যে তিনি আরও বলেন, তাঁদের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।