ফ্লাইট নম্বর বিভ্রাট: মাঝ আকাশে সংঘর্ষ হতে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের ২ উড়োজাহাজের

ফ্লাইট নম্বর নিয়ে বড় ধরনের এক ভুল হয়েছিল। এর জেরে আকাশে প্রায় মুখোমুখি হতে বসেছিল যাত্রীবাহী দুটি উড়োজাহাজ। তবে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দারুণ বুদ্ধিমত্তায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উড়োজাহাজ দুটি।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের ঠিক পর, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। সিবিএস নিউজের তথ্যমতে, আমেরিকান এয়ারলাইন্সের ওই দুটি উড়োজাহাজ ভুলবশত একই কল সাইন বা ফ্লাইট নম্বর (ফ্লাইট ২৪৮২) নিয়ে উড়ছিল। একটি উড়োজাহাজ শিকাগো থেকে আসছিল, আর অন্যটি ফিনিক্স থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

আকাশে কাছাকাছি চলে আসায় দুই পাইলটই রেডিওতে একই ফ্লাইট নম্বর শুনতে পান। এতে বড় ধরনের বিভ্রান্তি ও সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। এটিসি ডটকমের অডিওতে শোনা যায়, কন্ট্রোলার পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটিকে ‘অ্যারাইভাল’ (আগমনকারী) ও অন্যটিকে ‘ডিপারচার’ (বিদায়ী) বলে সম্বোধন করেন। তিনি আগমনকারী উড়োজাহাজটিকে ওপরে রাখেন এবং ছেড়ে যাওয়া উড়োজাহাজটিকে বেশি উঁচুতে উঠতে নিষেধ করেন। দুই বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি পাইলটরা যেন দূর থেকেই একে অপরকে দেখতে পান, সেই ব্যবস্থাও করেন তিনি।

বিপদ কেটে যাওয়ার পর আগমনকারী উড়োজাহাজের পাইলট কন্ট্রোলারের প্রশংসা করে এটাকে ‘চমৎকার কাজ’ বলে মন্তব্য করেন। ওই কন্ট্রোলারও জানান, তার ২৫ বছরের ক্যারিয়ারে একই কল সাইনের দুটি উড়োজাহাজ এভাবে কাছাকাছি আসার ঘটনা তিনি কখনো দেখেননি।

মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞ স্টিভ আরোয়ো জানান, সম্ভবত এয়ারলাইন্সের ডেসপ্যাচ সেন্টারের ভুলের কারণেই এমনটি ঘটেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে শিকাগোর ফ্লাইটটি দেরিতে ছাড়ে। ওই সময় ফিনিক্সে থাকা আরেকটি উড়োজাহাজকে ফিরতি ফ্লাইটের জন্য সময়মতো প্রস্তুত করা হলে দুই উড়োজাহাজ একই নম্বর পেয়ে যায়।

এ ঘটনায় আমেরিকান এয়ারলাইন্স ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করবে। এক বিবৃতিতে কন্ট্রোলারের পেশাদারিত্বের প্রশংসা করে এয়ারলাইন্সটি জানিয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দুই বিমানের নিরাপদ দূরত্ব বজায় ছিল।