জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর কথা মনে আছে? সেই সিরিজে রানি রাইনিরা টারগারিয়েনের বাহন ছিল ‘সাইরাক্স’ নামের একটি ড্রাগন। এবার বাস্তবেই খোঁজ মিলল সেই সাইরাক্সের! তবে বিশাল কোনো ড্রাগন নয়, সন্ধান পাওয়া গেছে সম্পূর্ণ নতুন প্রজাতির এক টিকটিকির। বৈশিষ্ট্যের মিল থাকায় জনপ্রিয় ওই ড্রাগনের নামেই প্রাণীটির নামকরণ করেছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় মায়ে ওং-এর উঁচু পাহাড়ি জঙ্গলে এই নতুন প্রজাতির টিকটিকিটি আবিষ্কৃত হয়েছে। পিপল ডটকমের বরাতে বিজ্ঞান সাময়িকী ‘জুকিস’-এ গত ৩১ জুলাই প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়। বিজ্ঞানীরা এর বৈজ্ঞানিক নাম দিয়েছেন ‘অ্যাকান্থোসোরা সাইরাক্স’। তবে এটি সাধারণত ‘সাইরাক্স মাউন্টেন হর্নড ড্রাগন’ নামেই পরিচিতি পাবে।
এমন অদ্ভুত নামকরণের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। গবেষকরা জানান, সিরিজের ড্রাগনটির মতোই এই টিকটিকির গায়ের রং হলুদাভ এবং এটি সম্পর্কিত অন্যান্য প্রজাতির তুলনায় আকারে কিছুটা ছোট। এছাড়া ড্রাগনটির মতো এটিও একবারে অনেক বেশি বাচ্চা জন্ম দেয়। ঘাড় ও পিঠ বরাবর কাঁটার মতো ঝুঁটি থাকা প্রাণীগুলোকে সাধারণত ‘মাউন্টেন হর্নড ড্রাগন’ বলা হয়। নতুন এই আবিষ্কারের ফলে পৃথিবীতে ‘অ্যাকান্থোসোরা’ প্রজাতির সংখ্যা বেড়ে ২৩টিতে দাঁড়াল।
দুর্গম পরিবেশের কারণে প্রাণীটির আবাসস্থল বেশ খণ্ডিত। তাই মায়ে ওং অঞ্চলের পরিবেশ সুরক্ষায় টিকটিকিটিকে ‘ফ্ল্যাগশিপ প্রজাতি’ বা প্রধান প্রতীক হিসেবে তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। এছাড়া উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লুকিয়ে থাকা জীববৈচিত্র্য ও এদের বিস্তৃতি জানতে আশপাশের পাহাড়ে আরও গবেষণার কথা বলা হয়েছে ওই সমীক্ষায়।
কাকতালীয় ব্যাপার হলো, গত ৯ আগস্ট এইচবিও (HBO) নেটওয়ার্কের ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের তৃতীয় মৌসুম শেষ হওয়ার ঠিক আগেই অভিনব এই নামকরণের খবরটি সামনে আসে।





