অনুশীলনে ফিরলেও ইংল্যান্ডের বিপক্ষে বাবরকে নিয়ে সংশয়

প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর অনুশীলনে ফিরেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পাকিস্তানের পেসার মোহাম্মাদ আব্বাস জানিয়েছেন, বাবরের খেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বেকেনহ্যামে গত শুক্রবার প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান বাবর। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি তার হাতে আঘাত করে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়েছিলেন তিনি।

চোট পাওয়ার পর ব্যথায় কাতরাতে দেখা যায় বাবরকে। পরে মাঠ ছেড়ে যান তিনি এবং ম্যাচের বাকি অংশে আর ব্যাটিং করেননি। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে ম্যাচের বাকি অংশে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১৭ আগস্ট হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে দলের অনুশীলনে তার অংশ নেওয়ার কথা ছিল।

সোমবার হেডিংলিতে পাকিস্তান দল অনুশীলন করে। সেখানে অল্প সময়ের জন্য নেটে ব্যাটিং করেন বাবর। তাকে অস্বস্তিতে ভুগতে দেখা না গেলেও নেটে তার ব্যাটিং অনুশীলন দীর্ঘ ছিল না। সংবাদ সম্মেলনে মোহাম্মাদ আব্বাস বলেন, বাবরের খেলার বিষয়ে মেডিকেল প্যানেল ও নির্বাচক কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন- সে খেলবে কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সে কয়েকটি থ্রোডাউন এবং কিছুটা ব্যাটিং অনুশীলন করেছে। তবে এ বিষয়ে আমাদের চিকিৎসকের পরামর্শই মেনে চলতে হবে।’

প্রসঙ্গত, বুধবার থেকে লিডসে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।