বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াত। কিছুদিন আগে ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছেন যোগগুরু, ব্যবসায়ী বাবা রামদেব। তার মন্তব্যের আলোচনা থামার আগেই পাল্টা জবাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ‘মনিকর্নিকা’খ্যাত এই অভিনেত্রী।
কঙ্গনা রানওয়াত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। বাবা রামদেবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে। মিথ্যা/প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট কখনো আমাকে ভর্ৎসনা করেননি। সুতরাং আমাকে চরিত্র গঠনের জ্ঞান দেবেন না, আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।”
মূলত, এই বিতর্কের জন্ম হয়েছে বাবা রামদেবের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। টিভি৯-কে সাক্ষাৎকারটি দেন তিনি। এ আলাপচারিতায় কঙ্গনা রানওয়াতের মন্তব্য নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়। জবাবে কঙ্গনা বলেন, “তার শৈশব কেমন ছিল? তার যৌবন কেমন ছিল? অতীতে তার কর্মকাণ্ড কেমন ছিল? আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। কোনো দেশের তরুণদের ‘গাটার’ বলা বিকৃত মস্তিষ্কের পরিচয়। এটা ভুল।”
কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও মনে করেন বাবা রামদেব।
এসময় বাবা রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়—কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী। কেবল তাই নয়, নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। উত্তরে বাবা রামদেব বলেন, “কেউ আমার যোগের প্রশংসা করলেই আমি তার পাপকাজ ঢেকে রাখব?”
রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত হচ্ছেন কঙ্গনা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময়ে কামা হাসপাতালের সাহসী নার্স ৪০০ মানুষের জীবন রক্ষা করেন। সেই সাহসী নার্স ও হাসপাতালের কর্মীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে এটি। তাছাড়া আরো দুটো সিনেমার কাজ এখন তার হাতে রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া





