ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন তিউনিস নাগরিক নিখোঁজ হয়েছেন। তিউনিশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান নির্বাহী মোস্তফা আবদেলকেবির এ তথ্য জানিয়েছেন।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মোস্তফা আবদেলকেবির জানান, গত ২০ আগস্ট বৃহস্পতিবার ১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির উদ্দেশে তিউনিশিয়ার উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এতে ১৩ জন নিখোঁজ হন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে মোস্তফা আবদেলকেবির জানান, ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি ডুবে যাওয়ার আগে কয়েক ঘণ্টা সাগরে ভাসছিল।





