সংবাদমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি, নিয়ন্ত্রণে যাওয়া যাবে না: আন্দালিব পার্থ

গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ন্ত্রণ না করে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রবিবার (২৩ আগষ্ট) সচিবালয়ে প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এই মন্ত্রণালয়ের অন্যতম মূল দায়িত্ব। একই সাথে দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপরও জোর দেন তিনি।

দেশের বিদ্যমান পরিস্থিতির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এক কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় সরকার দেশের কল্যাণে সর্বোচ্চ নিরলস কাজ করে যাচ্ছে। কাজ করতে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক, তবে নৈতিকতার প্রশ্নে সরকার সম্পূর্ণ দৃঢ় অবস্থানে রয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিগত বছরগুলোতে বহু চাপ ও প্রতিকূলতার মধ্যেও সংবাদমাধ্যম সরকারের অনিয়ম ও অন্যায় তুলে ধরেছে। জুলাইয়ের আন্দোলনে গণমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

তথ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, মন্ত্রণালয়ের ভূমিকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং প্রয়োজনবোধে নিয়ামক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়সাধন করা। ভুলক্রমেও যেন কোনো ধরনের নিয়ন্ত্রণের পথ বেছে নেওয়া না হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে নতুন ব্যবস্থা গড়ে তুলতে কিছুটা সময়ের প্রয়োজন। আগের ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তাকে ধারণ করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।