মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার বিষয়েও আলোচনা এগিয়েছে।
রোববার (৩০ আগস্ট) মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এছাড়াও, এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রধান সড়কে কোনো ই-রিকশা চলবে না। এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। চার্জ দেয়ার পয়েন্টগুলোর লাইসেন্স দিবে সিটি করপোরেশন বা পৌরসভা।
এছাড়াও তিনি বলেন, ঢাকার ই-রিকশা নিয়ন্ত্রণে করা হচ্ছে ৮টি জোন। এক জোনের রিকশা চলবে না অন্য জোনে।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, শিগগিরই ২ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে মালয়েশিয়া। আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ২ লাখ শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। এরমধ্যে বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নিবে মালয়েশিয়া।





