রাজধানীতে ৩৮ লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় পিছু নেন ভুক্তভোগী, এরপর যা হলো

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় হঠাৎ মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী হানা দেন। ওই ব্যক্তির টাকার ব্যাগ মুহূর্তের মধ্যেই ছিনিয়ে পালিয়ে যান তারা।

তৎক্ষণাৎ ছিনতাইকারীদের পিছু নেন ভুক্তভোগী। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী ছিটকে পড়েন সড়কে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করেন। তার নাম তানভীর আবেদীন (৪১)। তার কাছে একটি রিভলবার, চারটি গুলি পাওয়া যায়।

ঘটনা গতকাল রবিবার দুপুরের। আজ সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে এ ঘটনার কথা জানা যায়।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে একটি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

পরে ধানমন্ডি থানার পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তানভীরকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায়। অভিযানে এই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত মো. মজবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে (৬০) গ্রেফতার করা হয়।