লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন। বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন চলছিল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সিদ্ধান্তটা মেসির ওপরই ছেড়ে দিয়েছিলেন। সেই সিদ্ধান্তটা এলো হঠাৎ করেই। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আবেগঘন বক্তব্যের মাধ্যমে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি লিখেছেন, ‘ফাইনালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। অনেক চিন্তাভাবনার পর সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’ তিনি আরও লেখেন, এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং এখনো গভীরভাবে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি শপথ করে বলতে পারি, সব সময়ই আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। শুধু গত কয়েক বছরেই নয়, যখন আমরা সবকিছু জিতেছি; তার আগেও আমি তা-ই করেছি। এ জার্সির জন্য আমি সব সময় লড়াই করেছি এবং নিজের সবকিছু উজাড় করে দিয়েছি, যাতে তোমাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে তোমরা আর্জেন্টাইন হিসেবে গর্ব অনুভব করতে পারো।’ খুব দ্রুত ক্লাব ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিতও দিয়ে রাখলেন মেসি। লিখেছেন, ‘খুব বেশি সময় আর বাকি নেই, একের পর এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আর এটি এমন একটি অধ্যায়, যার সমাপ্তি আমাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে। আমি এই দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবেসে যাব।’ লিওনেল মেসি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছেন। জয় করেছেন কোপা আমেরিকাও। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন মেসি।





