জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ।
এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। দু’দেশের অভিজ্ঞতা বিনিময় করে, কীভাবে সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়– সে বিষয়েও আলোচনা হয়।
এছাড়া, ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কোন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা, ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে এআই’র ব্যবহার নিয়েও আলোচনা করেন তারা।
সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আলোচনাও উঠে আসে বৈঠকে।





