ঘরের মাঠেও রক্ষা হলো না পিএসজির

নতুন মৌসুমটা যেন কিছুতেই নিজেদের মতো করে শুরু করতে পারছে না পিএসজি। প্রথম দুই ম্যাচেই ড্র করেছে তারা। ড্র দুটিও এসেছে শেষ মুহূর্তে। এবার আর শেষ মুহূর্তের নাটক নয়, ঘরের মাঠেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

পার্ক দ্য প্রিন্সেসে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা অবশ্য পিএসজির পক্ষেই ছিল। ৩১ মিনিটে মার্কিনিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। খিচা কাভেরেইস্কার ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান পিএসজি অধিনায়ক। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে সমতায় ফেরে মোনাকো। জর্ডান তেজের ক্রস থেকে ফ্ল্যাভিও নাজিনহো হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরান সফরকারীদের।

এরপর পিএসজির ওপর আরও চাপ বাড়াতে থাকে মোনাকো। সেই চাপের ফলও আসে ম্যাচের শেষদিকে। ওয়ান-টু-ওয়ানে প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে পিএসজির জালে দ্বিতীয়বার বল পাঠান স্টানিস ইদুমবো। শট প্রতিহত করার কোনো উপায়ই ছিল না গোলরক্ষক সাফোনভের।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো। বিপরীতে ঘরের মাঠে হতাশায় ডুবতে হয় পিএসজিকে।

নতুন মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি পিএসজি। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জয় পাওয়া মোনাকো ৯ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে।