ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের প্রবেশপথের একটি ভিডিওতে দেখা যায়, বিস্তীর্ণ এলাকায় পানি জমে আছে।
যাত্রীদের কেউ প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজের ট্রলি ঠেলে এগিয়ে যাচ্ছেন। এতে বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মানসি নামের এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বিমানবন্দরে এত পানি জমতে তিনি আগে কখনো দেখেননি। প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করে পানির স্তর কমার পর আগমন গেটের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
অন্য এক যাত্রী জানান, প্রায় দুই বছর আগেও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। এবার দিল্লিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় আবারও বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পালামে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
বৃষ্টির কারণে দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গণপরিবহনে বিলম্বের আশঙ্কাও রয়েছে।
বিমানযাত্রীদের বাইরে বের হওয়ার আগে সড়কের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন ও তারের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।





