সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
গ্রেপ্তার আব্দুল মোমিন শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি একটি চুরির মামলার আসামি।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে অন্য কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল।
পুলিশ জানায়, হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় সুযোগ বুঝে আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। টানা দুই দিনের অভিযানের পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





