বাংলাদেশ সফর, টেলিভিশনে সংগীত পরিবেশন ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পর এবার নতুন গান নিয়ে হাজির হলেন ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ। তার প্রথম মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে ৫ সেপ্টেম্বর। গানটিতে জয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সমরজিৎ রায়।
রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি Apple Music, Spotify-সহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এরই মধ্যে মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে জয়া বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’
সমরজিৎ রায় বলেন, ‘আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য খুব চমৎকার একটি গান উপহার দেওয়ার। ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে জয়া বর্মণ গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন। মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’য় তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। বাংলা লোকসংগীত ঘিরে তাকে নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ায় সাক্ষাৎকার ও সচিত্র ফিচারও প্রকাশিত হয়েছে।





