ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সময় ভালো কাটছে না। তার অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে এই দায়িত্বে অনেকের নামই উঠে আসছে। লিজেন্ডারি ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ তাদের মধ্যে একজন। আরেকজনের নামও শোনা যাচ্ছে, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ২০১১ বিশ্বকাপজয়ী আশিষ নেহরা।
গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে আইপিএলে সফল এই কোচ ভারতের প্রধান ট্যাকটিশিয়ান হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা না থাকলেও ভবিষ্যতের জন্য দরজা বন্ধ রাখছেন না তিনি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলাপচারিতায় নেহরা বললেন, ‘প্রথমেই বলে রাখি, আমি উচ্চাকাঙ্ক্ষা শব্দটি ব্যবহার করব না। আমার পরিকল্পনায় নেই। এটা হবে অনেক সম্মানের ও সৌভাগ্যের। কিন্তু এই ধরনের পরিকল্পনা আমি কখনও করিনি। ভবিষ্যতে দেখা যাবে। না, না উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি যেখানে আছি খুব সুখেই আছি।’
গুজরাটের সাফল্যে নিজেকে কৃতিত্ব দিচ্ছেন না সাবেক এই পেসার, “গুজরাট টাইটান্স নিয়ে কথা উঠলে অনেকে বলে, ‘তুমি কোচিংয়ে ভালো করেছ’। আমি নই, দলও করেছে। হ্যাঁ, যখন আপনার অধিনায়ক, আপনার কোচ সবসময় সহযোগী হয়, তখন সবকিছু সহজ হয়, বিশেষ করে ভারতে। কিন্তু আমি এর মধ্যে নেই।’
ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাব এলে বেশ কিছু বিষয় তাকে পুনর্বিবেচনা করতে হবে বললেন নেহরা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের সম্মতি। তিনি বললেন, ‘এখনই উত্তর দেওয়া খুব কঠিন। সবার আগে বলে রাখি, আমাকে আগে হাই কমিশনের সঙ্গে মানে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। নয়তো আমার বিবাহ বিচ্ছেদ হতে পারে। ভ্রমণের ব্যাপার আছে, যেটা আট থেকে নয় মাসের। সহজ নয়।’
তিনি ব্যাখ্যা করলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়টি এলে, অনেকেই তিন চার বছরের বেশি কাজ করতে পারে না… যে ধরনের চাপ থাকে ও ভ্রমণ করতে হয়।’
গুজরাটের কোচ হিসেবে নেহরা ২০২২ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ২০২৩ ও ২০২৬ সালে তার দল রানার্সআপ হয়।





