আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বাণিজ্যিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদ মেসির অনুপস্থিতিতে প্রীতি ম্যাচের বাজারে দলটির চাহিদা ব্যাপকভাবে কমে গেছে।
২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলে বিপুল অর্থ আয় করলেও, বর্তমানে মেসির অভাবে আয়োজকদের আগ্রহ কমে যাওয়ায় দলটির আসন্ন এশিয়া সফর বাতিল করা হয়েছে। জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজদের মতো তারকারা দলে থাকলেও, অতীতে মেসির উপস্থিতিতে বেইজিংয়ে ৬৮০ ডলারের টিকিট যেভাবে মুহূর্তেই বিক্রি হয়ে যেত, এখন সেই মূল্যে গ্যালারি পূর্ণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ম্যাচ ফির পাশাপাশি বৈশ্বিক স্পন্সরশিপ এবং জার্সি বিক্রির ক্ষেত্রেও এএফএ তাদের মূল চালিকাশক্তি হারিয়েছে। অ্যাডিডাসের সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত চুক্তির কারণে রয়্যালটিতে সাময়িক সুরক্ষা থাকলেও, নতুন স্পন্সরদের সঙ্গে দরকষাকষিতে আর্জেন্টিনা আগের মতো সুবিধাজনক অবস্থানে নেই। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত মূলত মেসির কারণেই আর্জেন্টিনার খেলা দেখতেন এবং পণ্য কিনতেন। এখন এই ফুটবল জাদুকরকে ছাড়াই বিশাল বৈশ্বিক ফ্যানবেস এবং ব্যবসায়িক আধিপত্য ধরে রাখাই আর্জেন্টিনা ফুটবলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।





