ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, পাকস্থলী ওয়াশ করার পর তিনি এখন শঙ্কামুক্ত। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।
তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
মুহাম্মদ মোস্তাকিম বলেন, বর্তমানে মেঘমল্লার বসু শঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। সে সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।





