ঢাকাগামী বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল শতাধিক প্যারাকিট টিয়া পাখি। খবর পেয়ে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ বাসটিতে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান। পরে বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় পাখিগুলো প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে মোট ১০৩টি প্যারাকিট টিয়া পাখি ছিল। ডিবি পুলিশ পাখিগুলো উদ্ধার করে হেফাজতে নেয়। তবে তল্লাশির খবর পেয়ে পাখিগুলোর সঙ্গে থাকা পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান।
ইকবাল বাহার আরও জানান, উদ্ধার করা পাখিগুলো আজ বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা অবমুক্ত করা হয়।





