দেশের বাজারে টানা চার দফা দাম কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।





