সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের মালিবুর বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করেছেন এক নারী।
স্থানীয় সময় গত শুক্রবার রাতে ওই নারী বাড়ির সম্পত্তিতে ঢুকে পড়লে নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফোটার করা হয়নি।
লস অ্যাঞ্জেলেস টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হ্যারিসের মালিবুর বাড়ির নিরাপত্তাকর্মীরা এক নারীকে সম্পত্তির ভেতরে প্রবেশ করতে দেখেন। তিনি বাড়ির মূল ভবনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীরা তাকে থামিয়ে দেন।
হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন জানান, ওই ব্যক্তি ‘অবৈধভাবে’ সম্পত্তিতে প্রবেশ করেছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটকে দেওয়ায় তিনি বাড়িতে পৌঁছাতে পারেননি। হ্যারিস ও তার স্বামী ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
শেরিফের দপ্তর জানায়, খবর পাওয়ার পর মালিবু-লস্ট হিলস শেরিফ স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ওই নারীর সঙ্গে কথা বলে তাকে সতর্ক করা হয় এবং সম্পত্তি ছেড়ে যেতে বলা হয়। পরে তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে যান। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে ঘটনাটি নিয়ে অনুপ্রবেশের একটি প্রতিবেদন নথিভুক্ত করেছে পুলিশ।
মালিবু-লস্ট হিলস স্টেশনের ওয়াচ কমান্ডার লেফটেন্যান্ট জেসন ডুরন বলেন, নিরাপত্তার স্বার্থে হ্যারিসের বাড়ির আশপাশে টহল বাড়ানো হবে।
বাড়িতে ছিলেন না হ্যারিস-এমহফ
ঘটনার সময় কমলা হ্যারিস কিংবা ডগ এমহফ কেউই বাড়িতে ছিলেন না। ফলে অনুপ্রবেশকারী ওই নারীর সঙ্গে তাদের কোনো সরাসরি মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেনি। ওই নারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। তার বাড়িতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।
নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হ্যারিসের সরকারি নিরাপত্তা নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাধারণত ছয় মাসের জন্য সিক্রেট সার্ভিস সুরক্ষা পাওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময়সীমা বাড়িয়েছিলেন।
পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে সেই বর্ধিত নিরাপত্তা প্রত্যাহার করেন। এরপর হ্যারিসের নিরাপত্তায় স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ ঘটনার পর হ্যারিসের মালিবুর বাড়ির নিরাপত্তা ঘিরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতা আরও বাড়ানোর কথা জানিয়েছে।
তথ্য সূত্র- এনবিসি নিউজ।





