মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি

লিওনেল মেসির চোখধাঁধানো গোলে জয়ের পথেই ছিল ইন্টার মায়ামি। কিন্তু যোগ করা সময়ের গোলে সেই জয় আর ধরা দেয়নি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। চতুর্থ মিনিটে অ্যান্ডি নাজারের পাস থেকে গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সুরিড। তবে ১৫ মিনিট পরই সমতায় ফেরে মায়ামি। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন নাশভিলের রিড বেকার-হোয়াইটিং।

প্রথমার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেন মেসি। ২৭তম মিনিটে বক্সের বাইরে থেকে তার জোরালো শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে আসে। পরে ফ্রি-কিক থেকেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর অবশ্য নিজের সামর্থ্যের ঝলক দেখান মেসি। ৬২তম মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের দুর্দান্ত শটে ন্যাশভিলের জালে বল পাঠান তিনি। এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। চলতি মৌসুমে মেজর লিগ সকারে এটি মেসির ১৯তম গোল।

এরপর জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল মায়ামির। বিশেষ করে গত ১৫ আগস্ট নাশভিলের কাছে ৪-১ গোলে হারের পর এবার জয়ের মাধ্যমে সেই হারের জবাব দেওয়ার অপেক্ষায় ছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষা পূরণ হয়নি।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গোল করেন স্যাম সুরিড। নিজের দ্বিতীয় গোল করে নাশভিলকে সমতায় ফেরান ইংলিশ এই ফরোয়ার্ড। ফলে মেসির দুর্দান্ত গোলও মায়ামিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি।

ড্রয়ের ফলে পূর্বাঞ্চলীয় সম্মেলনের শীর্ষস্থান আরও শক্ত করেছে ন্যাশভিল। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মায়ামির চেয়ে তারা এখন ৯ পয়েন্ট এগিয়ে।

আগামী শনিবার শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে ন্যাশভিলে। অন্যদিকে আগামী বুধবার ক্যাম্পেওনেস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।