বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোলে উড়ে গেল প্রতিপক্ষ

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দে ফিরেছেন কাভান সুলিভান। এক ম্যাচ বিরতির পর জোড়া গোল করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন তরুণ। রবিবার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলাডেলফিয়া।

এই জয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে দলটি।

সান দিয়েগোর বিপক্ষে পুরো ম্যাচেই আক্রমণভাগে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে ফিলাডেলফিয়া। গোলমুখে নেওয়া পাঁচটি শটের প্রতিটিই তারা গোলে পরিণত করে। বিপরীতে স্বাগতিকরাও পাঁচটি শট নিয়েছিল, তবে ফিলাডেলফিয়ার জ্যামাইকান গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাকের দৃঢ়তায় কোনোবারই জালের দেখা পায়নি তারা।

প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ম্যাচের তালা খোলেন সুলিভান। ইনডিয়ানা ভাসিলেভের কাছ থেকে পাওয়া বল নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সান দিয়েগোর জালে বল পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলাডেলফিয়া। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সুলিভান। ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের চলতি আসরে এটি ষষ্ঠ গোল।

এর পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দামিয়ানি। ম্যাচের শেষ দিকে সান দিয়েগোর রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে। ৮৭তম মিনিটে মিডফিল্ডার আনবিল গোডির ভুলের সুযোগ নিয়ে চতুর্থ গোল পায় ফিলাডেলফিয়া।

যোগ করা সময়ে সান দিয়েগোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মালিক জাকুভিচ। তাঁর গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

সুলিভানের জোড়া গোলের সঙ্গে গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাকের দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়া এই জয় ফিলাডেলফিয়াকে এমএলএসের পয়েন্ট তালিকায় আরও শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।