কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। এটি স্থানীয় জেলেদের কাছে ‘কিং চান্দা’ নামে পরিচিত। ৩ কেজি ওজনের এ মাছটি গতকাল সকালে মহিপুর মৎস্য মার্কেটে অন্যান্য মাছের সঙ্গে নিয়ে আসেন জেলেরা। পরে ৭৫০ টাকা কেজি দরে ২ হাজার ২৫০ টাকায় কেনেন এক মাছ ব্যবসায়ী। স্থানীয়দের ভাষ্য, মাছটির শরীর চ্যাপটা ও প্রায় গোলাকার। পিঠ ও পেটের পাখনা তুলনামূলক প্রশস্ত হওয়ায় দেখতে অনেকটা বাদুড়ের মতো। আকৃতির ভিন্নতার কারণে বাজারে আনার পরপরই মাছটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। স্থানীয় জেলে জামাল বলেন, সাগরে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। তবে এ ধরনের চ্যাপটা ও বাদুড়ের মতো দেখতে মাছ সচরাচর দেখা যায় না।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটির বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা (Platax teira)। এটি সামুদ্রিক পরিবেশে বসবাসকারী ব্যাটফিশ বা বাদুড় মাছের একটি প্রজাতি। আন্তর্জাতিকভাবে এটি লংফিন ব্যাটফিশ বা টেইরা ব্যাটফিশ নামে পরিচিত। তবে মৎস্যসংশ্লিষ্টরা বলেন, বঙ্গোপসাগরে নিয়মিত নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও অপেক্ষাকৃত কম পরিচিত প্রজাতির মাছের সঠিক পরিচয় ও বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ করা জরুরি।





