ঋণখেলাপি হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজালও ঋণখেলাপি। এ কারণে ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
আইনের ওই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে অথবা হালনাগাদ কর, ভ্যাট ও শুল্ক পরিশোধ না করলে কোনো বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কিংবা কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
এতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ঋণখেলাপি বা করখেলাপি হিসেবে তালিকাভুক্ত হলে ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ঋণ বা কর পরিশোধ না করলে তার পদ শূন্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে গত ১৮ এপ্রিল নানা অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তৎকালীন বিদায়ী সভাপতি এবং ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর প্রার্থী ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।
বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্তের ফলে নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই রিহ্যাব সভাপতির পদটি শূন্য হলো।





