টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামা ‘দ্য পিট’

টেলিভিশন বিশ্বের সবচেয়ে সম্মানজনক ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ড্রামা বিভাগে নিজেদের একক আধিপত্য বজায় রেখেছে জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। টানা দ্বিতীয়বারের মতো বছরের সেরা ড্রামা সিরিজের ট্রফি নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে এইচবিও ম্যাক্সের এই নির্মাণ।

পিটসবার্গের একটি ট্রমা সেন্টারের জরুরি বিভাগের বাস্তবভিত্তিক প্রেক্ষাপট এবং স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিরিজটি এবার সর্বাধিক ২৫টি বিভাগে মনোনীত হয়ে সংবাদের শিরোনামে আসে।

সিরিজে ডক্টর ‘রবি রবিনাভিচের’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য নোয়া ওয়াইল টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা অভিনেতার এমি জিতে নিয়েছেন। পুরস্কার হাতে নিয়ে আবেগপ্লুত ওয়াইল বলেন, ‘আমি সবসময় এই একটি ক্লাবেই যোগ দিতে চেয়েছি। আমাকে গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।’

এছাড়া সিরিজের লেখক, কলাকুশলী ও পার্শ্ব চরিত্রদের ঝুলিতেও গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মাননা। সিরিজটির নির্মাতা আর. স্কট জেমিল বিজয়ী মঞ্চে স্বাস্থ্যসেবায় যুক্ত বাস্তব জীবনের নায়কদের প্রতি এই সাফল্য উৎসর্গ করেন।