ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জীবনে সবচেয়ে প্রিয় মানুষ কে—এমন প্রশ্নের উত্তর দিতে খুব বেশি ভাবতে হয় না তাকে। জীবনের সবচেয়ে কাছের মানুষটির সঙ্গে সুখ-দুঃখ, ভ্রমণ কিংবা অবসর- সবকিছু ভাগ করে নিতেই ভালোবাসেন এই অভিনেত্রী। সেই মানুষটি আর কেউ নন, তার স্বামী ও ব্যাংকার সনি পোদ্দার।
সনি পোদ্দারের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়েছেন মিম। ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় স্বামীর প্রতি নিজের অনুভূতির কথাও অকপটে তুলে ধরেছেন তিনি।
মিম লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’
মিমের এই শুভেচ্ছাবার্তা প্রকাশের পর ভক্তদের মধ্যেও তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অভিনয়ের ব্যস্ততার বাইরে ব্যক্তিজীবনের নানা সুন্দর মুহূর্ত মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। বিশেষ করে স্বামীর সঙ্গে ভ্রমণ কিংবা অবসরযাপনের ছবি ও ভিডিওতে তাদের সম্পর্কের আন্তরিকতার নানা মুহূর্ত ফুটে ওঠে।
দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। বিয়ের পরও স্বামীকে নিয়ে বিভিন্ন সময় নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেছে অভিনেত্রীকে।
অন্যদিকে ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি শেষ করেছেন নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং। আলভী আহমেদের পরিচালনায় নির্মিত সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর নিজেই জানিয়েছেন মিম। তবে সিনেমাটি নিয়ে এখনো প্রযোজনা বা পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।





