ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজও শীর্ষ সারিতে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে অবস্থান করছে ঢাকা। এই মাত্রার বায়ুগুণকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বুধবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এ ছাড়া ১৬২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের সববৃহৎ শহর হো চি মিন সিটি এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদানের স্কোর ১৫৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

Advertisement

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।