জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে তিনি ভাষণ দেবেন এবং সফর সংক্ষিপ্ত করে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে পূর্বপরিকল্পিত সফর ছোট করার পাশাপাশি প্রতিনিধিদলের সদস্যসংখ্যাও সীমিত রাখা হয়েছে।

সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বেশ কিছু উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া অধিবেশনে সাইডলাইনে বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ আলোচনার আয়োজন করা হচ্ছে। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের সাথে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।

একই সাথে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নির্বাহী এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্টের সাথেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।