কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় আসামিদের নাম অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
যদিও শনিবার রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন।
এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গহিন জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ শনিবার রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





