মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা : সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে

২০২৩ সালে গাজীপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান আসাদুজ্জামানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এর আগে, বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, তারা হলেন, তৎকালীন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশ পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও এসআই তৌহিদুল ইসলাম সুমন।

অভিযোগে বলা হয়, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সমালোচক হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুরের মাদ্রাসা ইবনে মাসউদের অধ্যক্ষ আবুল হোসেন আল-আমিনকে তুলে নিয়ে যায় সিটিটিসি। এরপর তাকে মিন্টো রোডের কার্যালয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে আটকে রাখা হয়।

টানা ১৮ দিন আটকে রেখে এডিসি ইশতিয়াকের নেতৃত্বে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ভিকটিমের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। ১৮ ফেব্রুয়ারি তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

হত্যার দায় এড়াতে ভিকটিমের মরদেহ ঢাকা জেলার কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর তুলসীখালী ব্রিজ থেকে পানিতে ফেলে গুম করেন অভিযুক্তরা।