নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথে নাশকতা ঠেকাতে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

রবিবার দিবাগত রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, যারা নাশকতা করছে তারা জুলাই-আগস্টে পতিত সরকারের দোসর। তারা ডিসেম্বরকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিলেও আন্দোলন না করে নাশকতায় জড়াচ্ছে। জনসমর্থন না থাকায় পরাজিত ও পলাতক এই শক্তি নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে ভয় তৈরি করতে চাইছে।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলপথ প্রতিমন্ত্রী জানান, রেল কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), পুলিশ, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলস্টেশনে প্রবেশের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কমলাপুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে। নাশকতার সঙ্গে যারাই জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি মূল প্ল্যাটফর্মে ঘটেনি। ওয়াশ প্ল্যান্টের দিক থেকে ট্রেনটি আসার সময় সেখানে গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে আগুন অন্য কোচে ছড়িয়ে পড়তে পারেনি।

ঘটনাস্থলে অন্ধকার থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেখানে পর্যাপ্ত আলো ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে একটি গ্যারেজ পুরোপুরি পুড়ে গেছে। অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরও নাশকতার আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নাশকতাকারীরা চেষ্টা করবে, আর জনগণ ও প্রশাসন মিলে তা প্রতিহত করবে। রেলপথের নিরাপত্তা আরও জোরদার করা হবে।

অগ্নিকাণ্ডের কারণে রেল চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলেও জানান তিনি। তার ভাষ্য, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হলেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই।