কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

এশিয়ান গেমসের ২০তম আসরের গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। সোমবার জাপানের টোকাই সিটিজেন জিমনেশিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দারুণ লড়াইয়ের পর জয় পায় বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে।

পরবর্তী ম্যাচে বাংলাদেশ সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) চাইনিজ তাইপের মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার স্বাগতিক জাপান এবং বুধবার আটবারের চ্যাম্পিয়ন ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর, গ্রুপের শীর্ষ দুই দল ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেমিফাইনালে উঠবে।

টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-তে রয়েছে ইরান, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও মালয়েশিয়া। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ খেলে শীর্ষ দুই দল যাবে শেষ চারে।