বিহারি বংশোদ্ভূত সূর্যবংশী-কিষাণের অপেক্ষায় জাপানি ক্রিকেটার

আগামীকাল প্রথমবারের মতো জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটির আগে জাপানের ক্রিকেটার অভিষেক আনন্দ বৈভব সূর্যবংশী ও ঈশান কিষাণের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিহারের রোহতাস জেলায় জন্মগ্রহণকারী আনন্দের সঙ্গে এই দুই ভারতীয় ক্রিকেটারের একটি সাধারণ যোগসূত্র রয়েছে। তাদের সবারই আদি নিবাস একই রাজ্যে। গত বছরের কুক আইল্যান্ডসের বিপক্ষে জাপানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় অলরাউন্ডার আনন্দের।

জাপানের হয়ে খেলা ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৭৫ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ছিল ৫৫ রানের। এই ঐতিহাসিক ম্যাচের আগে আনন্দ ভারতীয় দলের প্রতি তার মুগ্ধতা এবং বিহারি বংশোদ্ভূত সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।

এনডিটিভি স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী অভিষেক বলেছেন, আপাতত সবার পছন্দের খেলোয়াড় হলেন বৈভব সূর্যবংশী। তবে হ্যাঁ, ভারতীয় দলের সব খেলোয়াড়ই সমানভাবে ভালো। অবশ্যই, আমি আমার বিহারি ভাই, ঈশান কিষাণ ও সূর্যবংশীর সঙ্গে দেখা করতে চাই। আমরা ভারতীয় দলকে আতিথ্য দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এই ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি। আর আমি আশা করি, ভারত ও জাপানের মধ্যকার সম্পর্ক অটুট থাকবে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করতে পারি।

২০১১ সালের ২৭ মার্চ জন্মগ্রহণকারী বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এর মাধ্যমে তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড়ে পরিণত হন। তিনি ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে খেলেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।

অন্যদিকে ঈশান কিষাণ তার ৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০২৫-২৬ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝাড়খণ্ড দলের নেতৃত্ব দিয়েছেন; তার নেতৃত্বে দলটি হরিয়ানার বিপক্ষে ৬৯ রানের জয়লাভ করে। জাপানি ক্রিকেটে আনন্দের যাত্রার শুরুটা হয়েছিল অপ্রত্যাশিতভাবে, তার কলেজ জীবনে। তিনি ২০২২ সালে আইআইটি কানপুর থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং শুরুতে করপোরেট পেশায় যুক্ত ছিলেন। পেশাগত সুযোগ এবং জাপানে এই খেলার উন্নয়নে আন্তরিক আগ্রহ এই দুয়ের সমন্বয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ঘটে।